Image description

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের মানুষের অনুভূতিতে তার কোনো বক্তব্য আঘাত দিয়ে থাকলে সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এ আলোচক হিসেবে অংশ নেন ময়ূখ রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে তার সঙ্গে আলোচনায় ছিলেন বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন উর রশীদ। সেখানে বাংলাদেশ ও ভারতের রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

একপর্যায়ে ময়ূখ রঞ্জন ঘোষ বলেন, ‘বাংলাদেশের সেন্সিবল মানুষজন যদি ময়ূখ রঞ্জন ঘোষের কথায় আঘাত পেয়ে থাকেন, যদি তাঁদের মনে হয়ে থাকে যে এই কথাটা বলল, তাহলে আমি আন্তরিকভাবে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’

আলোচনায় আব্দুন নূর তুষারের বক্তব্যের প্রসঙ্গ টেনে ময়ূখ বলেন, তিনি জাতীয়তাবাদী বিশ্বাস থেকে নিজের অবস্থান তুলে ধরছেন। তবে তুষারের মতো বিবেচক মানুষের বক্তব্য শুনে তার মনে হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তাঁরা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।

ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক। বাংলাদেশ নিয়ে তার বিভিন্ন বক্তব্য ও সংবাদ উপস্থাপনা অতীতে সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর উপস্থাপিত তথ্যের সত্যতা ও বক্তব্যের ধরন নিয়ে বিতর্ক হয়েছে।

এর আগে বাংলাদেশ নিয়ে একাধিক অনুষ্ঠানে তার উচ্চকণ্ঠ ও আবেগপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। এবারের টকশোতে বাংলাদেশের মানুষের কাছে তার ক্ষমা চাওয়ার বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে।

এনএ