Image description

স্মার্টফোনের চার্জ শেষ হয়ে গেলে দ্রুত চার্জ দেওয়ার সুবিধায় অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। বাজারে বিভিন্ন দামের ও সক্ষমতার পাওয়ার ব্যাংক পাওয়া যায়। তবে কম দাম দেখে নিম্নমানের পাওয়ার ব্যাংক কিনলে বিপদে পড়তে পারেন। এতে স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে।

বিশেষজ্ঞদের মতে, কম দামের কিছু পাওয়ার ব্যাংকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকে না। বিশেষ করে ভোল্টেজ নিয়ন্ত্রণ, অতিরিক্ত চার্জ প্রতিরোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষার মতো সুবিধা অনুপস্থিত থাকতে পারে। ফলে নিয়মিত এসব পাওয়ার ব্যাংক ব্যবহার করলে ফোনের ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

অতিরিক্ত গরম হওয়া বড় সতর্ক সংকেত

প্রতিটি স্মার্টফোন নির্দিষ্ট মাত্রার ভোল্টেজে চার্জ গ্রহণের উপযোগী করে তৈরি করা হয়। মানসম্মত পাওয়ার ব্যাংকে ভোল্টেজ স্থিতিশীল রাখার ব্যবস্থা থাকে। কিন্তু নিম্নমানের কিছু পাওয়ার ব্যাংকে ভোল্টেজের ওঠানামা হতে পারে। এতে ফোনের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে।

বিশেষ করে দীর্ঘ সময় চার্জে রাখলে তাপমাত্রা বেড়ে যেতে পারে। অতিরিক্ত তাপ ও অনিয়ন্ত্রিত চার্জিংয়ের কারণে সময়ের সঙ্গে ব্যাটারির ধারণক্ষমতা কমে যায়। ফলে ফোন আগের তুলনায় দ্রুত চার্জ হারাতে পারে এবং ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাংক সামান্য গরম হওয়া স্বাভাবিক। তবে অস্বাভাবিকভাবে অতিরিক্ত গরম হলে সেটিকে সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত। নিম্নমানের ব্যাটারি, দুর্বল সার্কিট বোর্ড বা অপর্যাপ্ত বৈদ্যুতিক নিরোধকের কারণে কিছু পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে আগুন লাগা কিংবা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটাতে পারে।

পাওয়ার ব্যাংক কেনার আগে যা দেখবেন

ভালো পাওয়ার ব্যাংক চেনার ক্ষেত্রে শুধু এমএএইচ (mAh) দেখলেই হবে না। কেনার আগে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি।

১. ব্র্যান্ড ও মডেল যাচাই করুন

পরিচিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কেনার চেষ্টা করুন। খুব কম দামে অস্বাভাবিক বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংক—যেমন ৫০ হাজার বা ১ লাখ এমএএইচ—দেখলে সতর্ক থাকুন।

২. শুধু এমএএইচ নয়, ওয়াটও দেখুন

১০ হাজার বা ২০ হাজার এমএএইচ লেখা থাকলেই পাওয়ার ব্যাংকটি ভালো হবে, এমন নয়। ফোন দ্রুত চার্জ করার জন্য ২০, ২৫, ৩০ ওয়াট বা তার বেশি আউটপুট সুবিধা থাকতে পারে। তবে আপনার ফোন কত ওয়াটের চার্জিং সমর্থন করে, সেটিও বিবেচনায় নিতে হবে।

৩. ইউএসবি-সি পোর্ট আছে কি না দেখুন

বর্তমানে ইউএসবি-সি ইনপুট ও আউটপুট থাকা পাওয়ার ব্যাংক বেশি সুবিধাজনক। বিশেষ করে একই পোর্ট দিয়ে পাওয়ার ব্যাংক চার্জ করা এবং ফোনে চার্জ দেওয়ার সুবিধা থাকলে ব্যবহার সহজ হয়।

৪. দ্রুত চার্জিং প্রযুক্তি আছে কি না দেখুন

আপনার স্মার্টফোন যে দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করে, পাওয়ার ব্যাংকেও সেটি থাকা উচিত। যেমন—পাওয়ার ডেলিভারি (PD) বা কুইক চার্জ (QC) প্রযুক্তি। এতে ফোনের সঙ্গে সামঞ্জস্য রেখে চার্জ দেওয়া সম্ভব হয়।

পাওয়ার ব্যাংক কেনার সময় শুধু কম দাম বা বেশি এমএএইচ দেখে সিদ্ধান্ত না নিয়ে এর নিরাপত্তাব্যবস্থা, চার্জিং প্রযুক্তি, আউটপুট ক্ষমতা ও ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা যাচাই করুন। এতে স্মার্টফোনের ক্ষতির ঝুঁকি কমানোর পাশাপাশি নিরাপদে পাওয়ার ব্যাংক ব্যবহার করা সম্ভব হবে।