Image description

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা এবং ভুটানের জমাট রক্ষণে আটকে যায় বাংলাদেশের আক্রমণ।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। এ সময় ১২টি শট নেয় বাংলাদেশ, বিপরীতে ভুটানের শট ছিল চারটি। তবে লক্ষ্যে শটের সংখ্যা দুই দলেরই ছিল দুটি করে।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দল। বক্সে করা একটি ক্রস থেকে শমিত সোম হেড নিলে বল ওপরের দিকে উঠে যায়। গোলমুখের সামনে সুযোগ পেয়ে পা ছুঁইয়ে বল জালে পাঠান ইব্রাহিম।

এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১১ নভেম্বর। ওই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।

এদিকে, দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।

এসএস