Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা মেরেঙ্গা বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন ভোররাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করে পুলিশ।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ