চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হলো ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ফায়সাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা।
১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএ




Comments