Image description

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী। এর মধ্যে ৪ হাজার ৩১৪ জনই বাংলাদেশি, যা মোট অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের পর সবচেয়ে বেশি অভিবাসী এসেছে সোমালিয়া থেকে, যার সংখ্যা ১ হাজার ৭০২ জন। এছাড়া সুদান থেকে ১ হাজার ৩৭১ জন, পাকিস্তান থেকে ১ হাজার ১৮৫ জন, আলজেরিয়া থেকে ১ হাজার ১০৬ জন এবং মিশর থেকে ৯৩৬ জন ইতালিতে পৌঁছেছেন।

তালিকায় আরও রয়েছে ইরিত্রিয়া, তিউনিসিয়া, মালি, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, দক্ষিণ সুদান ও গিনির নাগরিকরা। এছাড়া পরিচয় যাচাইয়ের অপেক্ষায় থাকা আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীকেও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে সামগ্রিকভাবে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের একই সময়ে ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী, আর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪। সে তুলনায় চলতি বছরের সংখ্যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী যাচাই-বাছাই শেষে এই সাময়িক পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।