Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। পরে উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মাহাবুল হকসহ আরও অনেকে।

মানববন্ধনে ভুক্তভোগী মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর বাবার জমি ভুয়া দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা করেছেন খলিলুর রহমান। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি জমিটি উদ্ধার করতে সক্ষম হন। তবে বর্তমানে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে হয়রানি বন্ধে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মোসলেম উদ্দিন।

অন্যদিকে, মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি নিয়ে জালিয়াতির সঙ্গে জড়িত। এ ছাড়া তাঁদের বিভিন্নভাবে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

মানববন্ধন থেকে জমি জালিয়াতির অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।

এসএ