Image description

ইউরোপের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র জানায়, সকাল সোয়া ৮টায় পিভিজি-৯৪৪৫ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন এই বাংলাদেশিরা। তাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও বাড়ি পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা–২’ প্রকল্পের আওতায় দেশে ফেরা ব্যক্তিদের বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

তিনি বলেন, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।

জীবনের ঝুঁকি নিয়ে যেন কেউ ইউরোপে না যান, সে জন্য দেশজুড়ে সচেতনতা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে বৈধভাবে ইউরোপে কর্মী নেওয়ার উদ্যোগ আরও জোরদার করছে সরকার।

ইউরোপ থেকে নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে আসা ব্যক্তির সংখ্যা বেশি।

এনএ