পবিত্র মাহে রমজানের আজ চতুর্থ দিন। মাসটি মুমিনের জন্য তিনভাগে বিভক্ত; ১-১০ রমজান- রহমত, ১১-২০ রমজান- বরকত ও ২১-৩০ রমজান-নাজাত। মুসলিম উম্মাহ তাই মাসটি পরম যতনে খোদা তা’লার নৈকট্য হাসিলে ব্যয় করে থাকেন।
হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, জান্নাতের আটটি দরজা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ দরজা রোজাদারদের জন্য নির্দিষ্ট, যার নাম ‘রাইয়ান’। শুধু উপবাস থাকাই প্রকৃত রোজা নয়; বরং যারা আল্লাহর আদেশ মেনে সংযম, তাকওয়া ও সব ধরনের কুপথ থেকে বিরত থেকে নিষ্ঠার সঙ্গে রোজা পালন করেন, তারাই সেই বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবেন।
রমজানের চতুর্থ দিন মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতে পরিপূর্ণ। হাদিসে বর্ণিত আছে, এদিন রোজাদারকে আসমানি চার কিতাবের সমপরিমাণ সাওয়াব দান করা হয়। ইবাদত-বন্দেগি, তওবা ও আত্মশুদ্ধির যে অপূর্ব সুযোগ পবিত্র রমজান মাসে মুমিনের জন্য আসে, তা বছরের অন্য কোনো সময়ে এভাবে পাওয়া যায় না।
তাই আমাদের উচিত বেশি বেশি ইস্তিগফার করা, নফল ইবাদতে মনোযোগী হওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা। আল্লাহ পাক রমজানের ওসিলায় আমাদের সকলকে গুনাহ মাফ করে নাজাত দান করুন, রহমত ও বরকতে জীবন ভরে দিন। আমিন।




Comments