ফকিরহাটে দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা
দেবী দুর্গার আগমনকে ঘিরে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। আগামী ১০ অক্টোবর মহালয়া এবং ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। এ উৎসবকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা।
বৃষ্টি-বৈরিতার মধ্যেও প্রায় এক মাস আগে থেকেই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। ফকিরহাট শীতলাতলা মন্দির, ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দির, গন্ধেশ্বরী মন্দির ও নলধা-বারুইডাঙ্গা সার্বজনীন পূজামন্দির ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির প্রাথমিক কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। উপজেলার অন্যান্য পূজামণ্ডপেও চলছে একই ধরনের প্রস্তুতি।
পূজামণ্ডপের পাশাপাশি প্রতিমা তৈরির কারিগরদের বাড়িতেও চলছে কর্মব্যস্ততা। ফকিরহাট বাজারের পালপাড়ার অরুণ পালের বাড়িতে দেখা গেছে ব্যস্ততার চিত্র। বিভিন্ন পূজামণ্ডপের অর্ডারের কাজ সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিন-রাত প্রতিমা তৈরির কাজ করছেন অরুণ পাল। প্রতিমায় রং ও তুলির কাজ হবে পরে।
অরুণ পাল বলেন, “বাঁশ, খুঁটি, কুটো ও মাটি কিনে যে প্রতিমার জন্য ২৫ হাজার টাকা পাওয়া যায়, তাতে খরচ হয় প্রায় ১৫ হাজার টাকা। এত পরিশ্রমের পর এখন আর তেমন লাভ থাকে না। এবার বৃষ্টি ও বাদলের কারণে অনেক ঝামেলা গেছে। আপাতত রোদ উঠেছে। এ সুযোগে প্রতিমা শুকানোর কাজ করতে হবে। রং-তুলির কাজ পরে করলেও হবে। সামনে যে কয়টা দিন আছে, তাতে আশা করি কোনো সমস্যা হবে না।”
অরুণ পালের বাড়িতে প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করতে দেখা গেছে স্কুলপড়ুয়া জিৎ পালকেও।
ফকিরহাট উপজেলায় এবার প্রায় ৭০টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে মুলঘর ইউনিয়নে সর্বাধিক ২২টি, ফকিরহাট সদর ইউনিয়নে ১০টি, নলধা-মৌভোগ ইউনিয়নে ১০টি, লখপুর ইউনিয়নে ৯টি, বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ৭টি, পিলজংগ ইউনিয়নে ৬টি, শুভদিয়া ইউনিয়নে ৪টি এবং বেতাগা ইউনিয়নে ৩টি মণ্ডপ রয়েছে।
ফকিরহাটের আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনি ঘোষ বলেন, “দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরি ও অন্যান্য আয়োজন সমানতালে চলছে। আশা করছি, এ বছর শীতলাতলায় আরও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে।”
এসএ




Comments