Image description

বাগেরহাটের মোংলায় ডেঙ্গুর পাশাপাশি হামের প্রকোপও বেড়েছে। গত তিন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭৪ জন ডেঙ্গু রোগী এবং ২০৭ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও হাম আক্রান্ত ১৭ জন করে মোট ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন।

সরকারি হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকগুলোর তথ্য অনুযায়ী, মোংলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫ শতাধিক এবং হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪ শতাধিক। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোংলায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত রাতে একজন এবং খুলনায় নেওয়ার পথে এক শিশু মারা গেছে। তবে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, গত জুন মাস থেকে মোংলায় ডেঙ্গু ও হামের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে ২২ জন, জুলাইয়ে ৭১ জন, আগস্টে ১৩৫ জন এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, এপ্রিল মাস থেকে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৭ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বেসরকারি ক্লিনিকের রোগীদের হিসাব যুক্ত করলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক এবং হাম আক্রান্তের সংখ্যা প্রায় ৪ শতাধিকের বেশি বলে জানান তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, মোংলায় ডেঙ্গু ও হামের প্রকোপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসএ