বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে ফোরাম সদস্যদের সদ্য প্রকাশিত বইপরিচিতি এবং লেখক-প্রকাশক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামি বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে এ সভা হয়।
ফোরাম সভাপতি আমিন ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকীব মাহমুদের সঞ্চালনায় এতে লেখকদের পক্ষে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক ও লেখক মাওলানা লিয়াকত আলী, বরেণ্য লেখক গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি মুনীরুল ইসলাম, শীলন সম্পাদক মাসউদুল কাদির ও আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব প্রমুখ।
প্রকাশকদের পক্ষে উপস্থিত ছিলেন মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী ওবায়েদুল্লাহ আযহারী, রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, মাকতাবাতুল ইসলামের প্রকাশক আহমাদ গালিব, মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশক আবদুল্লাহ খান, মাকতাবাতুল খিদমাহের প্রকাশক আবদুল মান্নান প্রমুখ।
'কেমন লেখক চাই, কেমন প্রকাশক চাই' প্রতিপাদ্যকে সামনে রেখে লেখকরা প্রকাশকদের আরও দায়িত্বশীল, একনিষ্ঠ ও লেখকদের রয়্যালিটি যথাসময়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, প্রকাশকদের মাধ্যমে লেখকদের পাঠকের কাছে পৌঁছাতে হয়। পাঠকের সঙ্গে লেখকদের সংযোগ করে দেওয়ার কারিগর প্রকাশকরা। প্রকাশকরা লেখকদের প্রতি যত্নশীল এবং যথাযথ মর্যাদা দিলে লেখকরা লেখালেখিতে আরও আগ্রহী হবেন।
তরুণ লেখকদের সৃজনশীল বই প্রকাশে প্রকাশকদের প্রতি বিশেষ আহ্বান জানান লেখককরা।
প্রকাশকরা লেখকদের প্রতি ভালো কনটেন্ট বাছাই, লেখার গুণগত মান উন্নত করা এবং যত্ন নিয়ে বই লেখার আহ্বান জানিয়ে বলেন, এখন লেখকদের কেউ কেউ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় কনটেন্ট লিখছেন। এটা নিয়ে প্রকাশকদের ঝামেলায় পড়তে হয়। বাজারে থাকা টপিকে অনেকে বই লিখছেন, সেখান থেকে লেখকদের বেরিয়ে আসতে হবে। প্রতিটি পৃষ্ঠায় যেন পাঠককে পরিতৃপ্ত করে, সেই মনন নিয়ে বই লিখতে হবে।
বক্তারা লেখক ও প্রকাশকদের সম্পর্ককে আরও আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ করার প্রতি জোর দেন।




Comments