ডেঙ্গু মোকাবিলায় কর্ণফুলীতে মাঠে জেলা প্রশাসন
মশক নিধন ও র্যালি
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চট্টগ্রামের কর্ণফুলীতে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘নিজের আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘প্রতিদিন জমা পানি দূর করি’—এ দুই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক রাস্তার মাথা থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ব্রিজঘাটে গিয়ে শেষ হয়।
কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। র্যালিটি সঞ্চালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। অন্যান্য বছরের মতো এ বছরও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা সহজতর করতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ চালু করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘সীমাবদ্ধ সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। এ সময়ের মধ্যে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। আজ আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি, তা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ হলো সচেতনতা বৃদ্ধি করা। শুধু চিকিৎসার ওপর নির্ভর করে এ দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় বসে থাকলে দিন দিন আমাদের চারপাশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।’
তিনি ডেঙ্গু মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোহাম্মদ কামরুজ্জামান, স্টাফ অফিসার টু ডিসি মোহাম্মদ আসিফ জাহান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. ফায়সাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব জিএম জসিম উদ্দিন, বিএনপি নেতা মির্জা ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ, সদস্য সচিব সেলিম খান ও বিএনপি নেতা আলাউদ্দিন শিমুল।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সিপিপি ও স্কাউট সদস্যরা র্যালিতে অংশ নেন।
এসএ




Comments