Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার রাতে সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন।

এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে তার গোয়ালঘর থেকে চুরি হয়। শহিদুল ইসলামের দাবি, বৌভাত অনুষ্ঠানে জবাই করা গরুটিই তার চুরি যাওয়া গরু। তার অভিযোগ, রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে গিয়ে পরে জবাই করা হয়েছে।

এ ঘটনায় শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ