বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ১৯০টিরও বেশি দেশের মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে প্ল্যাটফর্মটির ব্যবহার বাড়ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে অ্যাপটি ৩০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি আলফাফা নিজেকে ইসলামি নীতিমালাভিত্তিক নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে। কর্তৃপক্ষের দাবি, এখানে অশ্লীলতা, ফিতনা কিংবা ইসলামবিরোধী কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ইসলামপ্রিয় তরুণ এই উদ্যোগের সূচনা করেন। তাঁদের লক্ষ্য ছিল এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলা, যেখানে ঈমান ও আমল রক্ষার পাশাপাশি দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী একটি ডিজিটাল উম্মাহ গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, মূলধারার প্ল্যাটফর্মগুলো তা যথেষ্ট পূরণ করতে পারছে না। বরং এসব মাধ্যমে ইসলামি মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই ইসলামি আদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। তাঁদের অন্যতম লক্ষ্য একটি ‘ডিজিটাল উম্মাহ’ গড়ে তোলা।
কম ডেটায় ব্যবহারের সুবিধা
ব্যবহারকারীদের জন্য ‘Alfafaa Connect’ নামে একটি লাইট সংস্করণ চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এই সংস্করণে কম ডেটা খরচে দ্রুত সেবা পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি, নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।
কোরআন-হাদিস, শিক্ষা ও ব্যবসার সুবিধা
কর্তৃপক্ষের তথ্যমতে, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। ব্যবহারকারীরা বিনামূল্যে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি ও পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করতে পারেন।
এ ছাড়া এতে অনুদান দেওয়ার সুবিধা ও ই-ওয়ালেট যুক্ত করা হয়েছে। বিভিন্ন কোর্সে সাত হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন। পাশাপাশি, প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে ২২ হাজারের বেশি রিলস প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগের বাইরেও ব্লগ, ফোরাম, চাকরি, শিক্ষাদান ও ই-কমার্সসহ বিভিন্ন সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ মুসলিম ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে গড়ে উঠছে আলফাফা। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়।
প্রতিষ্ঠানটি শিগগিরই বই কেনাবেচার বাজার চালুর পরিকল্পনা করছে। একই সঙ্গে প্ল্যাটফর্মে বই পড়ার সুবিধা যুক্ত করার উদ্যোগও রয়েছে।
আগ্রহীরা গুগল প্লে স্টোরে ‘Alfafaa’ লিখে সার্চ করে অ্যাপটি খুঁজে নিতে পারবেন।
এনএ




Comments