Image description

কেপটাউনে নারী বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয়ভাবে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লজ্জাজনক হারে এবারের বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানার দল। 

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ১৩ বল হাতে রেখে কোন উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। 


 টানা ৩ ম্যাচ হারে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল নিগার সুলতানা, শামিমা, মারুফা খাতুনদের। কেপটাউনে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমেও হতাশ করেছে। স্ট্যাম্পিংয়ের সুযোগ পেয়েও দুবার ব্যর্থ হয়েছেন উইকেটকিপার শামিমা সুলতানা। 

দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩০ রান করেন ৩৪ বলে। ৩০ বলে সুবহানা মুস্তারি ২৭ রান ১১ রান করে করেন ওপেনার শামিমা সুলতানা ও স্বর্ণা আক্তার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান  সংগ্রহ করে বাংলাদেশ। 

জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস ১৩ বল থাকতে দলকে জয়ে পৌঁছে দেন। ৫৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৬৬ রান করেন উলভার্ট। ৫১ বলে ৪ চারে ৫০ রান করেন তাজমিন।