Image description

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে ঘটে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

ক্রিকেট অঙ্গনে ধারণা করা হচ্ছে, আইসিসি ও পিসিবির সঙ্গে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বৈঠক শেষে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতেই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। একই সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হলেও আইসিসি সেই প্রস্তাব গ্রহণ করেনি।

এদিকে বাংলাদেশের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই