হিউস্টনে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচে শক্তিশালী পর্তুগালকে ১-১ গোলে আটকে দিয়ে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপের মঞ্চে এটিই আফ্রিকার দেশটির প্রথম গোল এবং প্রথম পয়েন্ট অর্জনের ঘটনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে দলকে এগিয়ে দেন। পেদ্রো নেতোর বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো। প্রথমার্ধের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরে তারা। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন ইওয়ান উইসা। তার আবেগঘন গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইউরোপের দলটি।
ম্যাচে সবচেয়ে আলোচিত তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় গোলশূন্যই থাকতে হয় তাকে।
শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গোল ও পয়েন্টের স্বাদ পেল ডিআর কঙ্গো। অন্যদিকে জয় নিশ্চিত করার বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।




Comments