বিশ্বকাপ ফুটবল ২০২৬
চাপ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপরই বেশি: ইংলিশ ডিফেন্ডার
বিশ্বকাপের মেগা সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে উত্তাপ ছড়ালেন ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহি। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার সবটুকু চাপ থাকবে আর্জেন্টিনার ওপরই, ইংল্যান্ড সেখানে অনেকটাই নির্ভার।
ফাইনালে ওঠার এই লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে গেহি বলেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। চাপ কিসের? দায়িত্বটা তো তাদের। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তাই স্বাভাবিকভাবেই চাপটা তাদের ওপরই বেশি থাকবে।’
ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল দ্বৈরথ দীর্ঘদিনের। তবে সেই ইতিহাস নিয়ে খুব একটা ভাবছে না থ্রি লায়নরা। গেহি জানান, তারা কেবল মাঠের লড়াইয়ে রোমাঞ্চিত। তিনি বলেন, ‘এটি একটি বড় উপলক্ষ। সবাই রোমাঞ্চিত এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবেই আমরা এই ম্যাচটিকে দেখছি।’
দলের আরেক ডিফেন্ডার এজরি কনসা মাঠের বাইরের আলোচনা বা অতীত ইতিহাসকে দূরে রাখার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের পুরো মনোযোগ নিজেদের খেলায়। অতীতের ঘটনা নিয়ে ভাবার প্রয়োজন নেই। মাঠে শান্ত থেকে নিজেদের সেরা ফুটবলটা খেলাই আমাদের মূল লক্ষ্য।’
আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা থাকলেও পুরো দল নিয়েই সতর্ক গেহি। তিনি বলেন, ‘মেসি সম্ভবত সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাকে থামানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে আর্জেন্টিনা কেবল একজন খেলোয়াড়ের দল নয়, তাদের আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা পুরো দলকেই মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছি।’
আজ রাতের এই দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ইংল্যান্ড-আর্জেন্টিনার এই ধ্রুপদী লড়াই দেখার জন্য।
মানবকণ্ঠ/ডিআর




Comments