বিশ্বকাপ চলাকালেই খবর এসেছিল তিনি গুরুতর অসুস্থ, লড়ছেন মৃত্যুর সঙ্গে। অবশেষে ফুটবল রাজপুত্র লিওনেল মেসির ক্যারিয়ারের প্রধান কারিগর ও ছায়াসঙ্গী, তার বাবা হোর্হে মেসি পাড়ি জমালেন না ফেরার দেশে। শনিবার আর্জেন্টিনার রোজারিওতে নেমে আসে এই শোকের ছায়া। বাবার শেষ বিদায়ে অংশ নিতে ইতিমধ্যে সপরিবারে রোজারিওতে পৌঁছেছেন মেসি।
শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ২টার দিকে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এএফপির তথ্য অনুযায়ী, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে একটি ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান মেসি। কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করে তিনি সরাসরি শোকাতুর মা সেলিয়ার পাশে দাঁড়াতে নিজের বাড়িতে যান। রোজারিওর নিকটবর্তী শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্যের অনুষ্ঠানটি হবে অত্যন্ত গোপনীয় এবং শুধুমাত্র ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে। তবে প্রিয় তারকার এই শোকের দিনে সমবেদনা জানাতে কবরস্থানের ফটকে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত।
হোর্হে মেসি শুধুমাত্র লিওনেল মেসির বাবা ছিলেন না, তিনি ছিলেন মেসির পুরো ক্যারিয়ারের পথপ্রদর্শক ও এজেন্ট। ছেলের বিশ্বসেরা হয়ে ওঠার প্রতিটি ধাপে তিনি ছিলেন নেপথ্য কারিগর। তার মৃত্যুতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের মতো ক্লাবগুলো গভীর শোক প্রকাশ করেছে।
এদিকে, পিতৃবিয়োগের কারণে ইন্টার মায়ামির লিগস কাপের ম্যাচ থেকে মেসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার মন্টেরির বিপক্ষে ম্যাচে মাঠে নামেনি মায়ামি অধিনায়ক। তবে ম্যাচ শুরুর আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরা ‘ফোর্সা লিও’ (শক্ত থাকো লিও) লেখা প্ল্যাকার্ড নিয়ে তাদের প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা ও সমবেদনা প্রকাশ করেন।
ম্যাচে মায়ামির হয়ে রদ্রিগো ডি পল গোল করার পর এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। বক্সের বাইরে থেকে গোল করার পর তিনি নিজের জার্সি খুলে ভেতরে পরা মেসির ১০ নম্বর জার্সিটি প্রদর্শন করেন এবং গোলটি তার বন্ধু ও অধিনায়ককে উৎসর্গ করেন। যদিও ম্যাচটিতে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে।
বাবার মৃত্যুতে ভেঙে পড়া মেসির পাশে এখন পুরো ফুটবল বিশ্ব। শোকাতুর পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি আরও কিছুদিন রোজারিওতে অবস্থান করবেন বলে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments