Image description

ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন সৌরভ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন সৌরভ। পুলিশ সূত্র জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে বিভিন্ন হুমকিমূলক চিঠি আসছিল। শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা না হলেও সোমবার তাঁর দপ্তরে দুটি চিঠি পৌঁছানোর পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিগুলোর উৎস খুঁজে বের করতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়ে থাকতে পারে। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতোমধ্যে চিঠি পাঠাতে ব্যবহৃত একটি মোবাইল নম্বর শনাক্ত করেছে পুলিশ। নম্বরটির অবস্থান ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পাশাপাশি কোন কুরিয়ার সংস্থার মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়েছে, তার তথ্যও সংগ্রহ করছেন তদন্তকারীরা।

সবগুলো চিঠি একই ব্যক্তির পাঠানো কি না, নাকি এর পেছনে একাধিক ব্যক্তি রয়েছে—সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হুমকির উদ্দেশ্য ও এর পেছনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলী। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত ৫৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।