বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, বড় শাস্তির মুখে আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠের অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও সংঘর্ষে জড়ানোর দায়ে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। একই ঘটনায় অন্য ডিফেন্ডার নাহুয়েল মোলিনা পেয়েছেন ৭ ম্যাচের নিষেধাজ্ঞা।
শুধু খেলোয়াড়দের ওপরই নয়, ফিফার শাস্তির খড়গ নেমে এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওপরও। বিভিন্ন মেয়াদে শৃঙ্খলাভঙ্গের কারণে সংস্থাটিকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনাকে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটি ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠেই আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিফার তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছিলেন এবং তরুণ তারকা গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে গাভির মুখে আঘাত করার প্রমাণও পাওয়া গেছে তার বিরুদ্ধে। অন্যদিকে, ম্যাচসেরা খেলোয়াড় রদ্রি যখন উদযাপনের জন্য দৌড়াচ্ছিলেন, তখন তাকে ঘুষি মারার দায়ে অভিযুক্ত হয়েছেন নাহুয়েল মোলিনা।
শাস্তি হিসেবে পারেদেস ও মোলিনা দুজনকেই ৯০ হাজার ডলার করে ব্যক্তিগত জরিমানা করা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞাগুলো শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে কার্যকর হবে।
শাস্তি পেয়েছেন গাভি, আলমাদা ও আয়ালাও
ফাইনাল-পরবর্তী ওই সংঘর্ষে জড়ানোর দায়ে স্পেনের গাভিকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। একইভাবে আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোচিং স্টাফের সদস্য ও সাবেক কিংবদন্তি রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর মুখে আঘাত করার দায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এএফএর বিরুদ্ধে অভিযোগের পাহাড়
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ফিফা বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে। এর মধ্যে রয়েছে মাঠে খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক প্রদর্শন, দলের সদস্যদের অপেশাদার আচরণ এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও আপত্তিকর অঙ্গভঙ্গি।
মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানার মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাকি জরিমানার একটি অংশ স্থগিত রেখে একটি পরীক্ষামূলক সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আপিল করবে আর্জেন্টিনা
ফিফার এই কঠোর সিদ্ধান্তকে আর্জেন্টিনার ফুটবলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পারেদেস ও মোলিনার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দীর্ঘ অনুপস্থিতি পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এএফএ জানিয়েছে, তারা এই শাস্তির বিরুদ্ধে ফিফার কাছে আপিল করবে। সেখানে সমাধান না হলে বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
ডিআর




Comments