Image description

বিশ্ব ফুটবলের ইতিহাস কাঁপানো ‘ফিফা দুর্নীতি কেলেঙ্কারি’ বা বহুল আলোচিত ‘ফিফাগেট’ মামলায় বড় ধরনের অপরাধ স্বীকার করে প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টিনার দুই প্রভাবশালী স্পোর্টস মার্কেটিং নির্বাহী। তারা হলেন— হুগো জিনকিস (৮১) এবং তার ছেলে মারিয়ানো জিনকিস (৫১)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়েছেন তারা। তবে এর বিনিময়ে তাদের বড় অংকের আর্থিক দণ্ড ভোগ করতে হচ্ছে। সমঝোতা অনুযায়ী, তাদের ৫০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা) জরিমানা গুনতে হবে।

আর্জেন্টিনাভিত্তিক প্রভাবশালী স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর মালিক এই বাবা-ছেলে। দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে, তারা বছরের পর বছর ধরে ফিফা, কনমেবল (দক্ষিণ আমেরিকা) ও কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা)-এর টুর্নামেন্টগুলোর সম্প্রচার ও বিপণনস্বত্ব হাতিয়ে নিতে ফুটবল কর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দিয়েছেন। বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর মিডিয়া স্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রকদের অনৈতিকভাবে অর্থ প্রদান করতেন।

মার্কিন আদালতের নথি অনুযায়ী, জিনকিস পরিবার আন্তর্জাতিক ফুটবল সংস্থাসমূহকে প্রতারিত করার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন। নিজেদের পছন্দের লাভজনক টুর্নামেন্টগুলোর স্বত্ব দখলে রাখতে তারা প্রভাবশালী ফুটবল কর্মকর্তাদের ধাপে ধাপে লাখ লাখ ডলার ঘুষ প্রদান করতেন।

উল্লেখ্য, ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখের একটি বিলাসবহুল হোটেলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর ঝটিকা অভিযানের মধ্য দিয়ে ফিফা ও এর সহযোগী আঞ্চলিক সংস্থাগুলোর এই বিশাল দুর্নীতির জাল উন্মোচিত হয়। সেই আলোচিত অভিযানের অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন এই জিনকিস পরিবার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে বিপুল জরিমানার বিনিময়ে তারা কারাদণ্ড এড়াতে সক্ষম হলেন।

ডিআর