Image description

প্রতিমা বিসর্জনের আনন্দঘন মুহূর্তটি চোখের পলকেই বিষাদে রূপ নিয়েছিল। নিখোঁজের দীর্ঘ ৪১ ঘণ্টা পর অবশেষে বংশাই নদী থেকে উদ্ধার করা হয়েছে তরুণ বিজয় চন্দ্র কোচের (২০) নিথর মরদেহ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সখীপুর উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকায় নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ, যা দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

নিহত বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে প্রতিবেশীদের সঙ্গে প্রতিমা বিসর্জন দিতে পাশের কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে যান বিজয়। আনুমানিক ৪০ জনের একটি দলের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকার ছাদে গান-বাজনার তালে আনন্দ করতে করতে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু নৌকাটি যখন বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছায়, তখনই ঘটে দুর্ঘটনা—হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান বিজয়।

নদীতে পড়ার পর বিজয় সাঁতরে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেন। তবে নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ অথৈ জলে তলিয়ে যান তিনি।

খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সখীপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইলের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে টানা তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান না পেয়ে বিকেল ৫টায় অভিযান স্থগিত করা হয়। নিখোঁজের ৪১ ঘণ্টা পর আজ সকালে দাড়িয়াপুর এলাকায় স্থানীয়রা তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ