অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা অলি ওয়াটকিন্স এবার সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি।
দলবদলের আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ডে সম্পন্ন হয়েছে এই দলবদল।
আল হিলালে যাওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন ওয়াটকিন্স। দলবদল নিয়ে আলোচনার মধ্যে অ্যাস্টন ভিলার মৌসুমের প্রথম ম্যাচেও খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। পরে এ ঘটনায় ক্ষমা চেয়েছিলেন বলে জানিয়েছিলেন ভিলা কোচ উনাই এমেরি। শেষ পর্যন্ত চুক্তির আরও দুই বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন তিনি।
বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ওয়াটকিন্স। তিনি বলেন, অ্যাস্টন ভিলায় তার সময়টা এভাবে শেষ হবে, তা কখনো কল্পনাও করেননি। একই সঙ্গে ক্লাবটিতে কাটানো ছয় বছরের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ৯১ গোল করেছেন ওয়াটকিন্স, যা ভিলার ইতিহাসে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১০৮টি। গত মৌসুমে ২১ গোল করার পাশাপাশি ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
ভিলায় থাকাকালীন ইংল্যান্ড জাতীয় দলেও অভিষেক হয় ওয়াটকিন্সের। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন তিনি।
ওয়াটকিন্সের বিদায়ে আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হলেও তার সম্ভাব্য বিকল্প হিসেবে চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা।
এমআর




Comments