Image description

ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব থাকে ২২ খেলোয়াড়ের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া। কিন্তু প্রিমিয়ার লিগের সাবেক রেফারি মাইক ডিন জানিয়েছেন, দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাচের মধ্যেই কখনো কখনো নিজেদের জন্য মজার কিছু চ্যালেঞ্জও নিতেন তারা।

‘জেমি ভার্ডি’স হ্যাভিং আ পার্টি’ পডকাস্টে ডিন জানান, এমনই একটি চ্যালেঞ্জ ছিল যতক্ষণ সম্ভব বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে যাওয়া। তার দাবি, প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচে তিনি ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বাঁশি না বাজিয়ে খেলা চালিয়েছেন।

ডিন বলেন, ম্যাচ শুরুর আগে তারা নিজেদের মধ্যে মজা করে ঠিক করতেন—দেখা যাক কতক্ষণ বাঁশি না বাজিয়ে খেলা চালানো যায়। সেই চ্যালেঞ্জে তিনি কয়েকবার ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত সফল হয়েছিলেন বলে জানান।

আরেকটি চ্যালেঞ্জ ছিল মাঠের সেন্টার সার্কেলের ভেতরে যতক্ষণ সম্ভব অবস্থান করা। ডিনের ভাষ্য, এক ম্যাচে তিনি প্রায় ১৫ মিনিট সেন্টার সার্কেল থেকে বের হননি। সাইডলাইনে থাকা সহকর্মীরাও তাকে এই চ্যালেঞ্জে উৎসাহ দিতেন বলে জানান তিনি।

ডিনের দাবি অনুযায়ী, এসব ঘটনা ঘটেছে প্রিমিয়ার লিগে ভিএআর চালুর আগে। তবে তার মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছে। সাবেক রেফারিং কর্মকর্তাদের কেউ কেউ তার বক্তব্যকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, এমন আচরণ রেফারিং পেশার ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

২২ বছরের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে মাইক ডিন ৫০০-এর বেশি ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালে মাঠের রেফারিং থেকে অবসর নেওয়ার পর তিনি ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
এমআর