Image description

ঘরের মাঠে ভারতের বিপক্ষে অসাধারণ ফারম্যান্সের কল্যাণে শ্রীলঙ্কার সোনার দিনুশা আগস্টের আইসিসি সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সম্মাননা অর্জন করলেন।ভারতের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ শুরুর আগে দেশের হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবে দুই ম্যাচের সেই সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

ওই সিরিজে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরিতে ৪২০ রান সংগ্রহ করেন দিনুশা। তার গড় ছিল দুর্দান্ত ১৪০। নিজের এই সাম্প্রতিক অর্জন নিয়ে কথা বলার সময় দিনুশা বলেন, এই স্বীকৃতি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকেই এমন অর্জন। এই সম্মানের জন্য আমি আইসিসির প্রতি সত্যিই কৃতজ্ঞ।

শ্রীলঙ্কা প্রথম টেস্টটি ১৬৫ রানে হারলেও, দিনুশা প্রথম ইনিংসে ১০০ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টে স্বাগতিক দল যখন সিরিজ হারের (হোয়াইটওয়াশ) শঙ্কায় ধুঁকছিল, তখন দিনুশা দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি (১০৩ এবং অপরাজিত ১৩৩) করে ম্যাচটি ড্র করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দিনুশা আরও বলেন, ভারতের বিপক্ষে এই সিরিজটি আমার হৃদয়ে সবসময় বিশেষ স্থান দখল করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল আমার জন্য একটি স্বপ্নপূরণের মতো ঘটনা। যদিও আমরা সামগ্রিকভাবে কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তবে দ্বিতীয় ম্যাচে আমাদের দল যেভাবে লড়াই করেছে, তা আমাদের দলের দৃঢ়তা, বিশ্বাস ও সংকল্পের পরিচয় দেয়। সতীর্থদের সাথে সেই লড়াইয়ে অংশ নিতে পেরে আমি গর্বিত।

গত বছর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত সিরিজের মাধ্যমে শ্রীলঙ্কার হয়ে টেস্ট ক্রিকেটে দিনুশার অভিষেক হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই এই অলরাউন্ডার ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।
এমআর