Image description

ঘরের মাঠের জরাজীর্ণ অবস্থা ও ক্লাব সভাপতির দীর্ঘদিনের ব্যর্থতার বিরুদ্ধে সমর্থকদের নজিরবিহীন ও অদ্ভুত প্রতিবাদের মুখে স্প্যানিশ লা লিগার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন রেফারি। স্পেনের এস্তাদিও দে ভায়েকাসে রায়ো ভায়েকানো ও অ্যাথলেতিক বিলবাওর ম্যাচটিতে শনিবার (১০ অক্টোবর) রাতে এমন চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

ম্যাচ শুরুর পর থেকেই স্টেডিয়ামের পরিবেশ ছিল উত্তপ্ত। বিশেষ করে ম্যাচের ১৩তম মিনিটে দক্ষিণ গ্যালারির ‘বুকানেরোস’ উল্ট্রাস নামে খ্যাত সমর্থকরা হঠাৎ করেই একযোগে গর্জে ওঠেন। ক্লাব সভাপতি রাউল মার্তিন প্রেসার পদত্যাগের দাবিতে পুরো গ্যালারি থেকে মাঠে হাজার হাজার কাগজের তৈরি বিমান (পেপার প্লেন) ও ছোট ছোট রাবারের বল ছোঁড়া শুরু হয়। ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ায় রেফারি তাৎক্ষণিকভাবে ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন। সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলে খেলা ফের শুরু করার চেষ্টা করা হয়, কিন্তু সমর্থকরা পুনরায় বস্তুর বৃষ্টি শুরু করলে রেফারি ম্যাচটি চূড়ান্তভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।

রায়ো ভায়েকানোর ক্লাবের শীর্ষ কর্তার প্রতি সমর্থকদের এই ক্ষোভ নতুন নয়। জরাজীর্ণ এস্তাদিও দে ভায়েকাস স্টেডিয়ামের কন্ডিশন, আধুনিক সুযোগ-সুবিধার অভাব এবং চরম অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ভক্তরা। চলতি মৌসুমের শুরুতেই স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিসহ প্রাণঘাতী ‘লেজিওনেয়ার্স রোগ’ সংক্রমণের শঙ্কায় এই মাঠটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। পরবর্তীতে অল্টারনেটিভ হিসেবে লেগানেসে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত দিলে সমর্থকরা তা বয়কট করেন।

শুধু তাই নয়, প্রযুক্তিভিত্তিক এই যুগেও অনলাইন টিকিট ব্যবস্থা না থাকায় ম্যাচের দিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় দর্শকদের। গত মৌসুমে খোদ ক্লাবের ফুটবলাররাই ড্রেসিংরুমে গরম পানি না থাকা এবং ছত্রাকের আক্রমণের অভিযোগ তুলে কর্তৃপক্ষের কাছে লিখিত চিঠি দিয়েছিলেন।

ম্যাচে তৈরি হওয়া নজিরবিহীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন রায়োর ফুটবলাররা। তারকা ফুটবলার ওস্কার ভালেনতিন ও ইসি পালাজোন গ্যালারির দিকে এগিয়ে গিয়ে হাত জোড় করে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও ক্ষুব্ধ সমর্থকরা তাঁদের আবেদনে সাড়া দেননি।

এদিকে ম্যাচ পণ্ড হওয়ার পর সফরকারী দল অ্যাথলেতিক বিলবাও এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্লাবের অবস্থান পরিষ্কার করেছে। বিলবাও কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, "ম্যাচ দেখতে যে সকল সমর্থক মাদ্রিদে সফর করেছিলেন, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আমরা দ্রুত যোগাযোগ করব।" প্রতিবাদ ও চরম বিশৃঙ্খলার কারণে পয়েন্ট ভাগাভাগি ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

ডিআর