চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি করে সিএনজি অটোরিকশায় পালানোর সময় দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চোরচক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে যায়। পরে চুরি যাওয়া গরু ও ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার সদস্যের একটি চোরচক্র সিএনজি অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় অবস্থান করছিল। একপর্যায়ে সুযোগ বুঝে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু জোর করে অটোরিকশায় তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয় যুবকদের নজরে এলে মো. রিফাতসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন।
প্রায় দুই কিলোমিটার ধাওয়ার পর দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় সিএনজি অটোরিকশাটির গতিরোধ করেন যুবকেরা। এ সময় চোরচক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও অটোরিকশায় থাকা দুই নারীকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে উদ্ধার করা গরু, সিএনজি অটোরিকশা ও আটক দুই নারীকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় যুবক মো. রিফাত জানান, সম্প্রতি ধলঘাট এলাকায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটছিল। রোববার দুপুরে নুরুল চৌধুরীর গরু সিএনজিতে তুলে নিয়ে যেতে দেখে তাঁরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। পরে রেলগেট এলাকায় অটোরিকশাটি আটকে দুই নারীকে আটক করতে সক্ষম হন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার করা গরু ও ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ দুই নারীকে থানায় আনা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই পুরুষ সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ




Comments