Image description

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পাঁচ সদস্যের স্বাধীন অভিযোগ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় তিনি নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর স্বামী ববি হাজ্জাজ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি।

নতুন কমিটির বিশেষত্ব হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিসিবি নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি স্বাধীন কমিটি গঠনের দাবি ছিল। অবশেষে সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। যেকোনো ক্রিকেটার নির্দ্বিধায় এই কমিটির কাছে নিজের অভিযোগ জানাতে পারবেন।

এর আগে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা অনুসারে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সে সময় বিসিবির তৎকালীন পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন। এবার নতুন স্বাধীন কমিটির মাধ্যমে নারী ক্রিকেটারদের ভয়মুক্ত পরিবেশে অভিযোগ জানানোর সুযোগ নিশ্চিত করতে চায় বিসিবি।