চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হার এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে দারুণ প্রত্যাবর্তন করেছে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্য গোলটি করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।
মঙ্গলবারের এই জয়ে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির জন্মদিনও ম্লান হয়ে যায়। ৫৫তম জন্মদিনে বার্সেলোনার মাঠে বড় ব্যবধানের হার নিয়ে ফিরতে হয়েছে তাকে।
বার্সেলোনায় এমেরির রেকর্ডও বেশ হতাশাজনক। এই মাঠে ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই হেরেছেন তিনি। এর মধ্যে ২০১৭ সালের বিখ্যাত ‘রেমোন্তাদা’ও রয়েছে। সেবার প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পর ফিরতি লেগে ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে ৬-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল এমেরির পিএসজি।
অন্যদিকে অ্যাস্টন ভিলার জন্য ম্যাচটি বিশেষ হওয়ার কথা ছিল। কোচ হিসেবে এমেরির চার বছরের সাফল্য উদ্যাপনে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবটির একনিষ্ঠ সমর্থক প্রিন্স উইলিয়াম। তবে শেষ পর্যন্ত দলের পরাজয়ে সেই আয়োজন ম্লান হয়ে যায়। এই হারে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ভিলার শতভাগ জয়ের ধারাও থেমে যায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। সপ্তম মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল কিক নিতে গিয়ে মারাত্মক ভুল করেন জোয়াও গোমেস। তার পাস সরাসরি পেয়ে যান লামিনে ইয়ামাল। বক্সের ভেতর থেকে নিখুঁত কোনাকুনি শটে বল জালে পাঠান এই তরুণ ফরোয়ার্ড।
গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। একাধিক কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করলেও বার্সেলোনার রক্ষণভাগ ও গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি তারা। ম্যাটি ক্যাশ ও জোয়াও গোমেসের প্রচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নিকোলাস জ্যাকসন ও জোহান মানজাম্বির কাছ থেকেও গোলের সুযোগ এসেছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে তার নেওয়া শট অ্যাস্টন ভিলার ডিফেন্ডার পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।
এর ১২ মিনিট পর আবারও গোল করেন ব্রাজিলিয়ান তারকা। জোয়াও কানসেলোর পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ছয় গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। চলতি মৌসুমে ১৩ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে।
শেষ দিকে লিওন গোরেৎকার একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ফারমিন লোপেজের প্রচেষ্টাও আটকে দেন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি।
ম্যাচের শেষ দিকে আরও দুটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তবে দুবারই তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
বিএইচ




Comments