Image description

নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় অলরাউন্ডার প্রেমা রাওয়াত। ভারতের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট 'সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফি'-তে উত্তরাখণ্ডের হয়ে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে এই ঐতিহাসিক কীর্তি অর্জন করেন তিনি।

গত সোমবার (২ নভেম্বর) পুনেতে অনুষ্ঠিত এই ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে নিজের ফিফটি পূরণ করেন প্রেমা। ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ৩৫৭.১৪।

প্রেমার এই ঝড়ের আগে নারী টি-টোয়েন্টি সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল ১৫ বলের। যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের ফাতিমা সানা, ইংল্যান্ডের মারি কেলি এবং অস্ট্রেলিয়ার লরা হ্যারিস। ১৪ বলে ফিফটি হাঁকিয়ে তাঁদের সবাইকে পেছনে ফেলে এককভাবে চূড়ায় বসলেন ২৪ বছর বয়সী এই ভারতীয় তারকা।

প্রেমার বিস্ফোরক ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৭ রানের বিশাল পুঁজি দাঁড় করায় উত্তরাখণ্ড। দলের পক্ষে অধিনায়ক রাঘভি বিস্ট ৫০ বলে অপরাজিত ৭২ রান করেন।

১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৮ রানেই থমকে যায় তারা। ফলে ৮৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় উত্তরাখণ্ড। ব্যাট হাতে রেকর্ড গড়ে তাণ্ডব চালানোর পর বোলিংয়েও সমান প্রভাব বিস্তার করেন প্রেমা রাওয়াত; ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। অনবদ্য এই অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।

উল্লেখ্য, ২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে প্রেমা রাওয়াতের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই উদীয়মান অলরাউন্ডার।

এসএ