Image description

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কমেছে।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ইইউর দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৯৫ কোটি ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ।

এ সময়ে বাংলাদেশ ইইউতে ৮৭ কোটি ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। ইইউর বাজারে বাংলাদেশের হিস্যা ২৯ দশমিক ৪০ শতাংশ।

বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি রপ্তানি করেছে ৫৩ কোটি ইউরোর ডেনিম পোশাক, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮৮ শতাংশ কম। ইইউর বাজারে পাকিস্তানের হিস্যা ১৭ দশমিক ৭৮ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের ডেনিম রপ্তানি কমেছে ২১ শতাংশ। দেশটি রপ্তানি করেছে ৪৪ কোটি ইউরোর পোশাক। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা তিউনিসিয়া রপ্তানি করেছে ২২ কোটি ইউরোর ডেনিম।

বাংলাদেশের রপ্তানি কমলেও চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের ডেনিম রপ্তানি দ্রুত বাড়ছে। ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে প্রতিযোগিতা বাড়ছে।

এসএস