জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), এসএমএস ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ডেমরা থানার পুলিশ কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া, ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।
মামলার এজাহার অনুযায়ী, সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তারা প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে মোবাইল ফোনের সিডিআর সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরের কললিস্ট, সর্বশেষ কলের অবস্থান, এনআইডিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে অন্যদের কাছে সরবরাহ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর ডিবির এসআই আবিদুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। মামলায় অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।
এজাহার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর ডিবির সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুকের একটি অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট এবং টেলিগ্রামের একটি গ্রুপে বিভিন্ন মোবাইল নম্বরের সিডিআর বিক্রির তথ্য নজরে আসে। পরে অনুসন্ধানে সিডিআর বিক্রির টাকা গ্রহণের জন্য ব্যবহৃত একটি বিকাশ নম্বরের তথ্যও পাওয়া যায়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, সিডিআরসহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এসএস




Comments