মার্ভেল তারকা সিমু লিউ ও অ্যালিসন হসু বিয়ে করেছেন। চার বছরের সম্পর্কের পর ফ্রান্সের প্যারিসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ অক্টোবর তাদের বিয়ে হয়েছে।
‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ সিনেমার অভিনেতা সিমু লিউর বয়স ৩৭ বছর। তার স্ত্রী অ্যালিসন হসুর বয়স ৩০। তিনি ইনটারস্কোপ রেকর্ডসের ডিজিটাল মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
২০২২ সালে সিমু ও অ্যালিসনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা।
এরপর ২০২৫ সালের মে মাসে তাদের বাগদান হয়। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মোমবাতি ও ফুল দিয়ে সাজানো রোমান্টিক পরিবেশে অ্যালিসনকে বিয়ের প্রস্তাব দেন সিমু। পরে বাগদানের আংটির ছবি প্রকাশ করে অ্যালিসন লিখেছিলেন, ‘আমরা চিরকাল একসঙ্গে।’
বাগদানের পর সিমুও সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালিসনের সঙ্গে সম্পর্কের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। প্যারিস ও পাম স্প্রিংসে ভ্রমণ, শুটিং সেটে দীর্ঘ সময় কাটানো এবং একসঙ্গে ঘরে সময় কাটানোর কথা জানান তিনি।
অ্যালিসন পপ তারকা টেলর সুইফটের ভক্ত। তাই বাগদানের সময় হবু স্ত্রীকে চমকে দিতে সিমু সুইফটের কাছ থেকে একটি ভিডিও বার্তা সংগ্রহ করেছিলেন।
‘দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে সিমু জানান, ভিডিওটি দেখে অ্যালিসন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
সিমু ও অ্যালিসন বরাবরই তাদের ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালে রেখেছেন। প্যারিসে বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করল।
এসএস




Comments