চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ করাতকলে উপজেলা প্রশাসনের অভিযান
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে অবৈধভাবে করাতকল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি অবৈধ করাতকলের মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।
উপজেলা সূত্রে জানা যায়, উপজেলার আধুনগর ইউনিয়নের বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল পরিচালনা ও চেরা কাঠের সঠিক হিসাব সংরক্ষণ না করাসহ বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী লাইসেন্স না থাকায় আইনি ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলাল উদ্দিন সমিলকে ৫ হাজার টাকা, রেজাউল সমিলকে ৮ হাজার টাকা এবং জামাল সমিল কে ৩ হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো: আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীনসহ লোহাগাড়া থানা এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, আনসার ব্যাটালিয়নের সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ বলেন, পরিবেশ সুরক্ষা ও বনজ সম্পদ রক্ষায় যারা অবৈধ করাতকল পরিচালনা করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস




Comments