Image description

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের ফ্লোরেস দ্বীপ এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির মাত্র ১৫ কিলোমিটার গভীরে এবং নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। শক্তিশালী কম্পনের পর বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়। শক্তিশালী কম্পনের কারণে সম্ভাব্য সুনামির আশঙ্কায় পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরিস্থিতি পর্যালোচনার পর অবশ্য বিএমকেজি সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়। তবে ভূমিকম্প-পরবর্তী আফটারশকের কারণে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএ