Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ১৪৩ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ মোঃ ইকবাল জাহিদী মিজু (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী হিসেবে পরিচিত মোঃ নুর আলম (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গ্রেপ্তার মিজু পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ শরিফুল ইসলাম জাহিদীর ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি নুর আলম কামাত আঙ্গারিয়া গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি মাদকবিরোধী দল গোপন সংবাদের ভিত্তিতে কালাচান মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে নুর আলমের বসতবাড়ি থেকে মিজু ও নুর আলমকে আটক করা হয়। পুলিশের দাবি, এ সময় তারা মাদক সেবন করছিলেন। পরে তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় মিজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন। এতে পুলিশের দুই সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ সদস্যরা মিজু ও তাঁর সহযোগী নুর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ জানায়, জব্দ করা ইয়াবা ও হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মিজু ভূরুঙ্গামারী উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি হিসেবে পুলিশের কাছে পরিচিত। তার মাধ্যমে উপজেলার উঠতি বয়সী কিশোর-কিশোরীদের কাছেও মাদক পৌঁছানোর অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি, এই গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।”

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। 

এসএ