Image description

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জেরে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান দেশটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর একটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে পড়েছে এবং অন্যটি দেশটির জলসীমার ভেতরে আঘাত হেনেছে বলে দাবি করা হয়।

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইউএই ইরানের হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরান ইউএইর ওপর আর কোনো হামলা চালায়নি বলে দাবি করা হয়েছে। এদিকে ইউএইর অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউএইর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ইউএইর এমন আচরণ ‘সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা বাড়ানো এবং নিরাপত্তাহীনতা ঠেকানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইরান ও ইউএইর মধ্যে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক দীর্ঘদিনের। ফলে ইউএইর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।



এম আর এ