মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক সহায়তা বা তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে।
বুধবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই চরম হুঁশিয়ারি দেন আবদোল্লাহি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এই খবরটি প্রচার করেছে।
মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, উপসাগরের দক্ষিণ উপকূলের দেশগুলো যদিও দাবি করেছে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না, তবে ইরান সবকিছুর ওপরই তীক্ষ্ণ নজর রাখছে। তিনি উল্লেখ করেন, গোটা অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে বর্তমানে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান ও জ্বালানি সরবরাহকারী ট্যাংকার অবস্থান করছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অগোচরে থাকার কথা নয়।
তিনি আরও বলেন, “আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা করা হলে, সেটিকে মার্কিন বাহিনীর সঙ্গে (ইরানের বিরুদ্ধে) যুদ্ধে অংশ নেওয়া হিসেবেই গণ্য করা হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হুঁশিয়ারি মূলত ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।
ডিআর




Comments