Image description

দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তার সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন মূল্যের সম্পদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিউলের একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকা।

আদালতের রায়ে কওনকে স্মাইলগেটের প্রায় ৩৫ শতাংশ শেয়ার, যার মূল্য প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ওন, এবং অতিরিক্ত ৬৫ বিলিয়ন ওন নগদ অর্থ সাবেক স্ত্রীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

২০০১ সালে কওন ও লি বিয়ে করেন। পরের বছর কওন স্মাইলগেট প্রতিষ্ঠা করেন। লির দাবি, প্রতিষ্ঠানটি গড়ে তোলার সময় তিনি অর্থায়ন, প্রাথমিক সহায়তা ও পারিবারিক দায়িত্ব পালনের মাধ্যমে অবদান রেখেছেন। তবে কওন তার সাবেক স্ত্রীর ব্যবসায়িক অবদানের দাবি অস্বীকার করেছেন।

আদালত অবশ্য লির ক্ষতিপূরণের দাবি নাকচ করেছে এবং বিবাহ বিচ্ছেদের জন্য উভয় পক্ষকেই সমানভাবে দায়ী করেছে। রায়ের বিরুদ্ধে উভয় পক্ষেরই উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিন ‘ক্রসফায়ার’ ও ‘লস্ট আর্ক’-এর মতো জনপ্রিয় গেমের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত।

সূত্র: বিবিসি, ব্লুমবার্গ

এনএ