ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে প্রতিরক্ষা, রুশ তেল আমদানি, পরমাণু শক্তি, বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এর মধ্যে রাশিয়ার পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান নিয়েও আলোচনা হতে পারে।
এ ছাড়া ভারতে নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়েও দুই নেতা আলোচনা করতে পারেন।
রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানিও বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। দুই দেশের মধ্যে তেল বাণিজ্য এবং নিজস্ব মুদ্রায় লেনদেনের বিষয়েও আলোচনা হতে পারে।
ইউক্রেন যুদ্ধ নিয়েও মতবিনিময় করতে পারেন মোদি ও পুতিন। যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ভবিষ্যৎ শান্তি আলোচনা আলোচনায় আসতে পারে।
পাশাপাশি পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ও হরমুজ প্রণালির অস্থিরতার প্রভাব নিয়েও দুই নেতা আলোচনা করতে পারেন। জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিষয়টি ভারতের অর্থনৈতিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।




Comments