সাতকানিয়ায় বিরোধ মীমাংসার বৈঠকে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধ মীমাংসা করার জন্য বসা একটি সালিশি বৈঠকে মোহাম্মদ হামিম (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে উত্তেজনার সৃষ্টি হয় এবং হামিমকে লক্ষ্য করে উপুর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে রোহান উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে বলে জানান তিনি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।




Comments