তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একাডেমিক ব্যবহারিক সেশনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই আদালত পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহাবুব খান শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, এই আদালত পরিদর্শনের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগ দেখার সুযোগ মিলেছে, যা তাঁদের ভবিষ্যৎ পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী মো. আবির হোসেন বলেন, “শ্রেণিকক্ষে পড়া আইনি ধারাগুলো বাস্তবে কীভাবে প্রয়োগ হয়, আইনজীবীদের জেরা-কৌশল ও বিচারকের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখার এই অভিজ্ঞতা বই পড়ে অর্জন করা সম্ভব নয়।”
শিক্ষার্থীদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আল-আমিন এবং প্রভাষক তৌহিদুল ইসলাম তুহিন।
আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ব্যবহারিক সেশনের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের আদালত পরিদর্শনের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম সরাসরি দেখে আইনের বাস্তব প্রায়োগিক দিক সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে।”




Comments