Image description

অস্ট্রেলিয়ার মাটিতে মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতির বড় এক ধাক্কা খেলো বাংলাদেশ দল। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস এবং ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায়।

ম্যাচের ফল সিরিজ নির্ধারণী না হলেও, অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটারদের সক্ষমতা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা জাগিয়ে তুলেছে এই হার। ডারউইনে প্রথম ইনিংসে তবু কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের লড়াকু সেঞ্চুরিতে ২৬৩ রান সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫৫ রান তুলে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুই ইনিংসের মিলিত লিডও টপকাতে পারেনি বাংলাদেশ।

তৃতীয় দিনে ২ উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু অজি বোলারদের তোপে মাত্র ২২ ওভারেই অলআউট হয় তারা। ওপেনার তানজিদ হাসান তামিম ৪১ বলে ২২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় স্কোরকার্ড ছিল অবিশ্বাস্য রকমের ছোট। দলের আর কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

ব্যক্তিগত স্কোরের তালিকায় সাদমান ইসলাম ৬, মুমিনুল হক ৬, সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, অমিত হাসান ৪ এবং মেহেদী হাসান মিরাজ করেন মাত্র ৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন কোনো রান না করেই। বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয়ের মূল নায়ক ক্যাম্পবেল থম্পসন। মাত্র ২৫ রান খরচ করে একাই টাইগারদের ৮টি উইকেট শিকার করেন তিনি।

মূল সিরিজ শুরুর আগে ব্যাটারদের এমন দৈন্যদশা এবং কন্ডিশনের কাছে অসহায় আত্মসমর্পণ টিম ম্যানেজমেন্টের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটে সামনে আরও বড় পরীক্ষা যে অপেক্ষা করছে, এই ম্যাচ তারই আভাস দিয়ে গেল।

মানবকণ্ঠ/ডিআর