Image description

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নাছির উদ্দীন নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার মো. সাগর, মো. করিম ও মো. আইয়ুব মনির এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার কামাল হোসেন। নিখোঁজ নাছির উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) সকালে কুতুবদিয়ার অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ট্রলারটি ১২ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। সোমবার ভোরে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে উঠলে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলার দ্রুত এগিয়ে এসে সাতজন জেলেকে জীবিত উদ্ধার করে। তবে বাকি পাঁচজন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলে ও উদ্ধারকারীদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি তীরে আনা হলে এর ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ নাছির উদ্দীনের সন্ধানে এখনো অভিযান চলছে।

কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জীবিত উদ্ধার হওয়া সাত জেলের মধ্যে তিনজন ইতোমধ্যে কুতুবদিয়ায় ফিরে এসেছেন। অপর চারজন উদ্ধারকারী ট্রলারের সঙ্গে সাগরে অবস্থান করে নিখোঁজ জেলেকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, নিহতদের মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলের সন্ধানে পুলিশ ও কোস্টগার্ড খোঁজখবর রাখছে।