রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাইকমিশনার বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান কূটনৈতিক এলাকায় আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে পুরো ভবনের ধোঁয়া বের করে দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণের সময় হাইকমিশনার ও তার স্ত্রী সুস্থ ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাইমা ইমরান একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। আর হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।




Comments