ময়মনসিংহের নালিতাবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত জানান ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।
বিজিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ওষুধ পাচার করছে—এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। ভোরে বিজিবির টহল দল পানিহাতা এলাকায় অবস্থান নিলে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধের চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত ওষুধের চালানটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
মানবকণ্ঠ/ডিআর




Comments