‘স্যার, স্যার, স্যার...’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ সম্বোধন করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন আইভী ফেরদৌস। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও রসিকতা।
সোমবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে বক্তব্যের সময় বারবার ‘স্যার’ বলে সম্বোধন করেন সিভিল সার্জন আইভী ফেরদৌস। পরে তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের দাবি, প্রায় তিন মিনিটের বক্তব্যে সিভিল সার্জন মোট ৮১ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ গড়ে প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার করে ‘স্যার’ সম্বোধন করা হয়েছে।
এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ বক্তব্যের সময় ‘স্যার’ শব্দের সংখ্যা গুনেছেন, আবার কেউ মোবাইলের ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করেছেন। পরে সেই হিসাব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করা স্বাভাবিক বিষয়। তবে এত বেশি বার একই শব্দ ব্যবহারের কারণে উপস্থিত অনেকেই কিছুটা বিব্রত হয়েছেন। তার মতে, সম্বোধনের মাত্রা কিছুটা বেশি হয়ে গেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য দেখা গেছে। কেউ কেউ মজা করে বলছেন, তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ বলার ক্ষেত্রে এটি যেন নতুন রেকর্ড। আবার অনেকে মন্তব্য করেছেন, বক্তব্যের মূল বিষয় হয়তো অনেকেই মনে রাখবেন না, কিন্তু ৮১ বার ‘স্যার’ বলার বিষয়টি সহজে ভুলবেন না।
এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন সরকারের সময়ে কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীদের আচরণ নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বা পোস্টের ভিত্তিতে কোনো ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা অতীত সম্পর্ক সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
তবে রসিকতা করে ওই নেতা বলেন, ‘স্যার’ বলা যদি কোনো প্রতিযোগিতা হতো, তাহলে তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে মানিকগঞ্জের সিভিল সার্জন হয়তো প্রথমসারির প্রতিযোগী হয়ে যেতেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তনু, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অনেকের আলোচনার বিষয় হয়ে ওঠে সেই ‘স্যার’। বক্তব্যের মূল বিষয় কিংবা মন্ত্রীকে কী বলা হয়েছিল—এসব ছাপিয়ে আলোচনায় আসে একটি শব্দই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ বলার হিসাব ছড়িয়ে পড়ায় সিভিল সার্জন আইভী ফেরদৌস ভাইরাল হয়ে উঠেছেন।
এ বিষয়ে জানতে আইভী ফেরদৌসের সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসএস




Comments