রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী অন্তত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি প্রবাসী ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় চার হাজার যাত্রী।
শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের বিভিন্ন এয়ারলাইন্সের এসব ফ্লাইট বাতিল করা হয়। এতে ঢাকায় প্রায় তিন হাজার যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
রোববার ছুটি কাটিয়ে সৌদি আরবে ফেরার কথা ছিল কুমিল্লার বাসিন্দা রফিকুল ইসলামের। আগেই টিকিট কেটে পরিবারের সদস্যদের নিয়ে সময়মতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, তার ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে রফিকুল বলেন, ‘হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছি। আমাকে যেকোনো মূল্যে সৌদি আরব যেতে হবে। সময়মতো যেতে না পারলে সমস্যায় পড়তে হবে। পরবর্তী ফ্লাইটের সিদ্ধান্ত জানানো হলে ভোগান্তি কিছুটা হলেও কমত।’
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় সেখানে আটকা পড়েছেন প্রায় চার হাজার যাত্রী। বিমানবন্দরটি কখন চালু হবে বা কবে থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি জানাচ্ছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, ‘এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।’
এদিকে ফ্লাইট বাতিলের পর বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও অনেকে সমাধান পাচ্ছেন না। ভারত হয়ে বিকল্প রুটের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে। ফলে অতিরিক্ত খরচ করেও অনেকের পক্ষে দ্রুত সৌদি আরবে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
শাহজালাল বিমানবন্দরে রোববার রিয়াদগামী যাত্রীদের টিকিট ও পাসপোর্ট হাতে এয়ারলাইন্সের কাউন্টারগুলোতে ছোটাছুটি করতে দেখা যায়। কেউ ফ্লাইটের নতুন সময় জানতে চেষ্টা করছেন, আবার কেউ টিকিট পরিবর্তন বা অর্থ ফেরতের বিষয়ে খোঁজ নিচ্ছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে ফ্লাইট বাতিলের খবরে অনেক যাত্রী দিশেহারা হয়ে পড়েছেন।
এ পরিস্থিতিতে টিকিটের তারিখ পরিবর্তন, অর্থ ফেরত, বিকল্প ফ্লাইট কিংবা নতুন যাত্রাসূচি—এসব বিষয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএস




Comments